পররাষ্ট্রসচিব হিসেবে মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে বিদায় নিতে হচ্ছে। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার ১ সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশের ২৬তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা অনুযায়ী তার ২০২২ সালের ডিসেম্বরে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ২০২২ সালের নভেম্বরে চুক্তিতে আরও দুই বছর একই পদে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
মাসুদ বিন মোমেনকে ২০২২ সালের ৬ ডিসেম্বর বা যোগদানের দিন থেকে দুই বছরের জন্য জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।








