মারা গেছেন ‘দ্য বোর্ন লিগ্যাসি’ অভিনেতা স্টেসি কিচ

হলিউডের বর্ষীয়ান অভিনেতা স্টেসি কিচ আর নেই। ৮৫ বছর বয়সে মারা গেছেন ‘দ্য বোর্ন লিগ্যাসি’খ্যাত এই অভিনেতা। দীর্ঘদিন ধরে গুরুতর হৃদ্রোগ ও হৃদ্যন্ত্রের জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) পোল্যান্ডের মাগদালেঙ্কায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্টেসি।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী মালগোসিয়া কিচ। ‘পিপল’ সাময়িকীর হাতে আসা এক বিবৃতিতে তিনি জানান, শান্তিপূর্ণভাবেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার স্বামী। স্টেসি শুধু একজন কিংবদন্তি অভিনেতাই ছিলেন না, বরং বিশ্বজুড়ে অসংখ্য দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার কাছে স্টেসি ছিলেন প্রিয় স্বামী, জীবনসঙ্গী এবং পরিবারের অবিচ্ছেদ্য অংশ।
ছয় দশকের বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন স্টেসি কিচ। মূলধারার চলচ্চিত্রে বড় তারকা হওয়ার পাশাপাশি চরিত্রাভিনেতা হিসেবেও অর্জন করেছিলেন বিশেষ খ্যাতি।
‘দ্য বোর্ন লিগ্যাসি’, ‘নেব্রাস্কা’, ‘আমেরিকান হিস্ট্রি এক্স’, ‘টাইটাস’ এবং ‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টেলিভিশন সিরিজ ‘প্রিজন ব্রেক’ ও ‘লাইটস আউট’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
তবে গোয়েন্দা চরিত্র মাইক হ্যামার হিসেবে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান স্টেসি। ১৯৮৪ সালে প্রচারিত ‘দ্য নিউ মাইক হ্যামার’ সিরিজে অভিনয়ের মাধ্যমে চরিত্রটি জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে একাধিক টেলিভিশন চলচ্চিত্র ও সিরিজেও এই চরিত্রে অভিনয় করেন তিনি। লেখক মিকি স্পিলেনের উপন্যাসের ভক্ত ছিলেন স্টেসি। তার উপন্যাসের জনপ্রিয় গোয়েন্দা চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা ছিল অভিনেতার দীর্ঘদিনের স্বপ্ন।
১৯৭২ সালে জন হিউস্টনের ‘ফ্যাট সিটি’ চলচ্চিত্রে বয়স্ক বক্সার বিলি টালির চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি। একই বছর ‘দ্য লাইফ অ্যান্ড টাইমস অব জাজ রয় বিন’ চলচ্চিত্রেও অভিনয় করেন। পরবর্তী সময়ে আলেকজান্ডার পেইনের অস্কার মনোনীত চলচ্চিত্র ‘নেব্রাস্কা’তেও তার অভিনয় প্রশংসিত হয়।
মঞ্চাভিনেতা হিসেবেও স্টেসির সুনাম ছিল। বিশেষ করে শেক্সপিয়ারের নাটকে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। প্রখ্যাত নাট্যসমালোচক ক্লাইভ বার্নস তাকে সমসাময়িক সময়ের অন্যতম সেরা হ্যামলেট এবং জন ব্যারিমোরের পর অন্যতম শ্রেষ্ঠ আমেরিকান ধ্রুপদি অভিনেতা হিসেবে অভিহিত করেছিলেন।
তবে তার জীবন ও ক্যারিয়ার সব সময় মসৃণ ছিল না। ১৯৮৪ সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কোকেন রাখার অভিযোগে গ্রেপ্তার হন স্টেসি। পরে তাকে ছয় মাস রিডিং কারাগারে থাকতে হয়। ভালো আচরণের কারণে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পান তিনি। পরবর্তী সময়ে নিজের মাদকাসক্তির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন এবং পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
নিজের জীবনের এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মাদকাসক্তি সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন অভিনেতা। পুনরুদ্ধারের সময়ে সহযোগিতার জন্য তৎকালীন ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন স্টেসি কিচ। তার মৃত্যুতে শোকাহত পুরো হলিউড। হিন্দুস্তান টাইমস





