কিশোরগঞ্জের হোসেনপুর বিদ্যুতের খুঁটিতে হাদী মিয়া (২০) নামে এক লাইনম্যানের মরদেহ ঝুলছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শুক্রবার ২ জুন সকাল ১০টার দিকে হোসেনপুর থানার পাশে মডেল মসজিদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাদী মিয়া পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচূড়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি হোসেনপুর পল্লী বিদ্যুৎ লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে জানান, লাইনম্যান হাদী মিয়া বিদ্যুৎ সংযোগ বন্ধ করেই কাজ করছিলেন। হঠাৎ একটি লাইন চালু হয়ে গেলে শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। মাটি থেকে প্রায় ৩৫ ফুট উঁচু খুঁটিতে ঝুলছিল হাদী মিয়ার মরদেহ। পরে স্থানীয়রা হোসেনপুর ফায়ার সার্ভিসে খবর দেয়।
হোসেনপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়, কিন্তু বড় লেডার না থাকার উপরে উঠতে পারছিল না। পরে তারা কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে স্টেশন অফিসার আবুজর গিফারী নেতৃত্বে ড্রাইভার মানুম, ফায়ারফাইটার শাকিল খান, নাজমুল, সুজন, এবং রুবেল মিয়াসহ ৬ সদস্যের একটি দল তার মরদেহ উদ্ধার করে নিচে নামান। পরে মরদেহ হোসেনপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।







