জয়পুরহাট সীমান্তে পিলারের পাশে মিললো বৃদ্ধার লাশ

ধানক্ষেতের মধ্যে পিলারের পাশে একটি মৃতদেহ পড়ে আছে, আশেপাশে ধান চাষের জমি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব পিলার সংলগ্ন এলাকা থেকে শ্যামচরন পাহান (৬২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামচরন পাহান পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের জিতু পাহানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ শ্যামচরন মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজন তাকে শিকলবন্দী করে রাখত। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান তিনি। পরে কোনো এক সময় সবার অজান্তে বাড়ির বাহিরে যায়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের অবহিত করে।
স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, মানসিক ভারসাম্যহীন শ্যামচরনের লাশ মাঠে পরে থাকতে দেখে স্থানীয়রা আমাকে জানালে সাথে সাথে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্যামচরনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





