কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে মাটি চাপা দেওয়া এক যুবকের মরদেহ বৃষ্টির পানিতে ভেসে উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করেছে।
সোমবার ১ জুলাই দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যাপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে নিহত যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। কিন্তু গত তিন দিনের মুষলধারে বৃষ্টিতে মাটি সরে গিয়ে মরদেহটি ভেসে উঠে।
মুহাম্মদ ওসমান গনি বলেন, সোমবার দুপুরে লবণের মাঠে আধা মাটি চাপা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট রয়েছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মুহাম্মদ ওসমান গনি।







