জমে উঠেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। পরিবারের সদস্যদের গল্প, ক্রাইসিস, আবেগ, অনুভূতি নিয়ে নির্মিত সিরিয়ালটি প্রচারের পর থেকে সর্বত্র আলোচনা তৈরি করেছে। প্রতি এপিসোড অনলাইনে এলেই ইউটিউব-ফেসবুক থেকে কোটি দর্শক দেখছে। এই সিরিয়ালে অন্যতম গুরুত্বপূর্ণ বাড়ির বড়ছেলে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
প্রচারের পর থেকে দর্শকদের সাড়ায় অভিভূত এই অভিনেতা। মজা করে ইরফান সাজ্জাদ বলেন, পজিটিভ রেসপন্সের বদলে আমি গালি খাচ্ছি বেশি। কারণ দর্শক আমার চরিত্রটিকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে গালি দিচ্ছে। কেউ বলছে, ইরফান সাজ্জাদ তুমি কীভাবে স্বার্থের কারণে গার্লফ্রেন্ডকে ছেড়ে বসের মেয়েকে বিয়ে করলে? তোমার গার্লফ্রেন্ডকে তোমার ছোটভাই বিয়ে করে সে জিতে গেল, তুমি হেরে গেলে!
ইরফান সাজ্জাদের কথা, আসলে মানুষ যেভাবেই গ্রহণ করেছে খুব ভালো লাগছে। শুধু আমি নই, এই সিরিয়ালের প্রতিটি চরিত্রকে দর্শক বিশ্বাস করে আপন করে নিয়েছে।

গেল কয়েকবছর ধরে দর্শকদের থেকে অভিযোগ পাওয়া যায়, বেশিরভাগ সিরিয়াল শুরুর দিকে গল্প ঠিক থাকলেও ধীরে ধীরে গল্পের ধারাবাহিকতা থাকে না! কিন্তু ‘এটা আমাদেরই গল্প’ যেন দিন দিন আরও জমে উঠছে। এ কারণে দর্শক সপ্তাহে দুই পর্বের পরিবর্তে আরও বেশি পর্ব চাইছে।
ইরফান সাজ্জাদ বলেন, এই সিরিয়াল শুরুর আগে স্বপ্ন দেখেছিলাম আমরা ফিক্সড দর্শক তৈরি করবো যারা প্রতি এপিসোডের জন্য অপেক্ষায় থাকবে। মাত্র কয়েকটি পর্ব প্রচার হয়েছে, এর মধ্যেই মনে হয় সেই স্বপ্নটা সত্যি করতে পেরেছি। একেবারে শেষ পর্ব পর্যন্ত কি হবে সেই গল্প পরিচালক রাজ ভাই আগেই ডিজাইন করেছেন। এতোটুকু বলতে পারি টান টান গল্পে উত্তেজনা রেখেই শেষ পর্যন্ত যাবে ‘এটা আমাদেরই গল্প’। আমার বিশ্বাস মানুষ এই সিরিয়ালের কথা মনে রাখবে। আমাদের কাজকে ভালোবাসার দর্শকদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

‘এটা আমাদেরই গল্প’ ৫২ পর্ব পর্যন্ত প্রচারের পরিকল্পনা নির্মাতা রাজের। তিনি বলেন, নিশ্চয়ই সামনে আরও জমবে। গল্পটা ধীরে ধীরে এমন জায়গায় যাবে, যেখানে আবেগ, টানাপোড়েন আর চমক, সবকিছুই আরও গভীর হবে। মানুষের প্রত্যাশা যে বাড়ছে, সেটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এই প্রত্যাশাই আমাদের আরও দায়িত্বশীল করছে, ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। দর্শকরা যেন প্রতিটা পর্বে নতুন কিছু পান, সেটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।
‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। ইরফান সাজ্জাদ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।







