বিনোদন

মণিপুরি রাসলীলার বর্ষীয়ান শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা আর নেই

মণিপুরি রাসলীলার বর্ষীয়ান শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা আর নেই

মণিপুরি রাসলীলার কিংবদন্তিতূল্য শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের ঝাপেরগাঁও গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

‎তিনি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কয়েক মাস আগে খাট থেকে পড়ে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করলেন।

‎মাধবপুর গ্রামে মণিপুরিদের মহাশ্মশানে তাকে দাহ করা হবে।

‎কৃষ্ণকুমারী সিনহা প্রথম জীবনে ছিলেন মণিপুরিদের ঐতিহ্যবাহী রাসলীলার সূত্রধারী। সারারাত ধরে পরিবেশিত ধ্রুপদি এই আয়োজনে কয়েক শবার তিনি নেপথ্য গায়নে অংশ নিয়েছেন। পরবর্তীকালে অজা চন্দ্রমোহন সিংহের কাছে তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন রাসধারী বা রাসলীলার নির্দেশক। তিনি মহারাসলীলা-সহ অসংখ্য রাস পরিচালনা করেছেন।
‎
‎এ ছাড়া দিবারাস, রাখাল রাস, বাসক পালা, খুবাকুশি, উদুখল রাস, নৌকাবিলাস ও মাথুর পালাসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ ও পরিচালনা করেছেন তিনি। শিক্ষাদানের মধ্য দিয়ে তৈরি করেছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী।

‎শিল্পকলা একাডেমি-সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পুরস্কার ও পদক অর্জন করেছেন কৃষ্ণকুমারী সিনহা।

‎মণিপুরি থিয়েটারের জন্মলগ্ন থেকেই পরামর্শক, শিক্ষক ও নির্দেশক হিসেবে যুক্ত ছিলেন তিনি। ভারত ও বাংলাদেশের মণিপুরি সমাজে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় একজন শিল্পী।
‎
‎তার মৃত্যুতে মণিপুরি থিয়েটার, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে।

বিষয়:কৃষ্ণকুমারী সিনহা ‎মণিপুরি থিয়েটার
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…