কক্সবাজারের মহেশখালীতে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী ভাসমান টার্মিনাল (FSRU)-এ দেখা দেওয়া কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। এর ফলে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পেট্রোবাংলা এ তথ্য জানায়। তবে সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
এর আগে একই দিন সকাল ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে।
এই ঘাটতির প্রভাবে ঢাকার দক্ষিণাঞ্চলসহ তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। তবে ত্রুটি মেরামতের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








