চলতি মাসেই জিম্বাবুয়ের মাটিতে হতে চলেছে জিম আফ্রো টি-টেন লিগ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসরের জন্য সরাসরি চুক্তিতে জোবার্গ বাফালোস দলে ডাক পান মুশফিকুর রহিম। এবার বাংলাদেশ থেকে দল পেলেন স্পিডস্টার তাসকিন আহমেদ।
সোমবার প্লেয়ার্স ড্রাফট থেকে তাসকিনকে দলভুক্ত করে বুলাওয়ায়ো ব্রেভস। জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার দলে খেলবেন টাইগার পেসার।
এর আগে আইপিএল, পিএসএল এবং কাউন্টিতেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়ে এসব প্রস্তাব উপেক্ষা করেছেন বাংলাদেশের পেস সেনসেশন।
আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে চলা সিরিজ ও এশিয়া কাপের আগের মাঝের সময়টায় হবে জিম্বাবুয়ের টুর্নামেন্টটি। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেতে সমস্যা হওয়ার কথা নয় মুশফিক-তাসকিনদের।
আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে। আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর।








