গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর পরিচালিত দুটি গানবোট থেকে এই গুলি ছোড়া হয়।
শনিবার (১৮ এপ্রিল) ওমানএর উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
ইউকেএমটিওর তথ্যমতে, ট্যাংকারটি এবং এর নাবিকরা বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, পৃথকভাবে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজও প্রণালিটি অতিক্রমের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনার ফলে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

