গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আসেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। সাবেক টাইগার অধিনায়ক বৈঠকে আসা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ফারুক আহমেদ। তবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে মনে করিয়ে দিয়েছেন টাইগার তারকা ওপেনার এখনও যে অবসর নেননি।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্রিকেটারদের পাকিস্তান জয়ের পর বোনাস দেয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের সাথে বৈঠকে তামিম কোন ভূমিকা পালন করেছিলেন তা জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেছেন, ‘আপাতত সে (তামিম) ক্রিকেটার। অবসর নিয়েছে নাকি ও?’
‘তামিম এসেছিল। আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য। আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, বিভিন্ন লিগ ও বিপিএল এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে ঠিকভাবে করতে পারি।’








