দলের চেয়ে ব্যক্তি বড় নয়, তামিম প্রসঙ্গে হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে জল কম ঘোলা হয়নি। অধিনায়কত্ব ছাড়া থেকে শুরু করে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘটনা আলোচনায় ছিল লম্বা সময়। ঘটনা গড়িয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত। সেসব নাটকীয় ঘটনায় চাউর হওয়া নানা কথার কিছুই জানেন না বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
ক্রিকইনফোতে সাক্ষাৎকারে তামিম প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলতে চান কিনা এমন প্রশ্ন ছিল হাথুরুর দিকে। লঙ্কান কোচ উল্টো প্রশ্ন ছোঁড়েন, ‘কোন ঘটনা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো শুনি। আমি আগে কিছু শুনিনি। সত্যি বলতে আমি আজ অবধি জানি না কেনো অবসর নেয়ার সিদ্ধান্ত নিলেন।’
সেই ঘটনার পর তামিমের সঙ্গে কথাও হয়নি হাথুরুসিংহের। দুজনের মধ্যে কথা বলানোর চেষ্টাও করায়নি বিসিবি। ৫৫ বর্ষী কোচ বলেছেন, ‘সে অবসর নিয়েছে এবং সেটি এমন একটি পর্যায় যেখানে আমরা কিছুই করতে পারি না। তবে আমার পুরো মনোযোগ অবশ্য দলের দিকে। জানেন, সবসময় এই কথা বলেছি, দলের চেয়ে কোনো ব্যক্তিই বড় নয়।’
বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক ৩৪ বর্ষী তামিম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে দেখা গেলেও লাল-সবুজের জার্সিতে বাঁহাতি ওপেনারের ভবিষ্যৎ এখনও অজানা।






