রাজনৈতিক পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বোর্ড। দেশের ক্রিকেটের টুর্নামেন্টটিতে বড় পরিবর্তন চোখে পড়েনি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। জানালেন, এখনও পর্যন্ত কনসার্ট ছাড়া চোখে পড়ার মতো কিছু দেখেননি। দেশসেরা ওপেনার কনসার্ট বাদ দিয়ে ক্রিকেটে বিনিয়োগের কথা বলেছেন।
বিপিএলের ১১তম আসরে ফরচুন বরিশালের নেতৃত্ব দেবেন তামিম। সোমবার উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। রোববার আসর শুরুর আগে শেষ অনুশীলন সেরেছে দলটি। পরে সংবাদ সম্মেলনে এমন বলেন তামিম।
‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্যকিছুতে না।’
‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে। দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’
‘এখনও এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা, কারণ জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল। এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান, টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন।’








