টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। এখানে হওয়া আট ম্যাচের অধিকাংশই কম রানের ছিল। ভারত-পাকিস্তানের মতো তুমুল উত্তেজনার ম্যাচও নিউইয়র্কের মাঠটিতে হয়েছিল। সেই মাঠ আর থাকছে না, ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচের পর তা ভেঙে ফেলার তোড়জোড় শুরু হয়েছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচের পর অনেকগুলো বুলডোজার স্টেডিয়াম ভাঙার জন্য অপেক্ষা করছে। মাঠ, পিচ, উইকেটসহ বিভিন্ন কারণে সমালোচিত স্টেডিয়ামটি নিউইয়র্কের আইজেন হাওয়ার পার্কে অবস্থিত। এখানে ৩৪,০০০ দর্শক বসার ব্যবস্থা ছিল।
ভাঙার বিষয়টি নিশ্চিত করতে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, স্টেডিয়ামটি ভাঙা হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রক্রিয়াটি আগামীকাল শুরু হবে এবং পিচ ও মাঠ স্থানীয় মানুষের জন্য ছেড়ে দেয়া হবে।’
নাসাউ কাউন্টির স্টেডিয়ামে ড্রপ পিচ ব্যবহার করা হয়েছে। এ পিচ মাঠের বাইরে থেকে তৈরির পর ম্যাচের আগে এখানে বসানো হয়েছে। অ্যাডিলেড ওভালের টার্ফ সল্যুশন এন্ড হেড কিউরেটর ডেমিয়েন হগের তত্ত্বাবধানে এটি ফ্লোরিডায় বানানো হয়েছিল।







