সাকিব-সাউদির ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও সাউদি মিউজিক্যাল চেয়ার খেলার সময় একসাথে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
শুরুতে অনেকদিন শীর্ষে ছিলেন সাকিব, কদিন আগে তাকে টপকে গেলেন সাউদি, আরও কম সময়ে ফের সাউদিকে ধরে ফেললেন সাকিব। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের ‘মিউজিক্যাল চেয়ার’ খেলাটা ভালোই জমে উঠেছে টাইগার-কিউই বোলারদ্বয়ের মধ্যে।
টিম সাউদির কাছে সর্বাধিক উইকেটের আসন হারানোর পাঁচদিনের মাথায় নিউজিল্যান্ড পেসারকে ধরে ফেললেন টাইগার স্পিনার সাকিব আল হাসান। দুজনেরই পাশে এখন ১২৫টি করে উইকেট।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাউথ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট তোলেন সাকিব। তাতেই কিউই পেসারের সঙ্গে যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারির আসনে বসেছেন টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার অধিনায়ক।
১০১ ম্যাচে সাউদির উইকেট ১২৫টি। সাকিব ১০৬ ম্যাচ খেলে তুলেছেন সমান উইকেট।
সাউথ আফ্রিকার ইনিংসের ১১তম ওভারে সাকিব বেধড়ক পিটুনি খেয়ে দেন ২১ রান। ওভারের শেষ ডেলিভারিটি হাই-ফুলটস দেয়ায় আম্পায়ার নো ডাকেন। ফ্রি-হিটে রুশো ছক্কা মারেন। পরের দুই ওভারে ১২ রানের বেশি দেননি সাকিব। ৩ ওভারে ৩৩ রান দিয়ে রুশো ও ত্রিস্তান স্টাবসের উইকেট নেন।






