শিক্ষা

অদম্য তরুণদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

অদম্য তরুণদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

সংগৃহীত ছবি

আর্থিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিকূলতা কোনোটিই যেন মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে—এই প্রত্যয় নিয়ে অদম্য মেধাবীদের পাশে দাঁড়িয়েছে সামাজিক প্ল্যাটফর্ম ‘স্বপ্ন সারথী’।

প্রতিকূল পরিবেশ জয় করে শিক্ষাজীবনে সাফল্যের স্বাক্ষর রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সুবিধাবঞ্চিত ৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৮টি স্কুলের ৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অদম্য তরুণদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজনের উদ্যোক্তা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন,  একটি শিশুর স্বপ্ন কখনো তার পরিবারের আর্থিক সামর্থ্যের কাছে হার মানতে পারে না। ‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’—এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা। সুবিধাবঞ্চিত শিশুরা যেন কেবল সাহায্য পাওয়ার ওপর নির্ভর না করে নিজ মেধা দিয়ে ভবিষ্যৎ গড়ার সাহস পায়, আমরা সেই সুযোগ তৈরি করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক আনিসুল হক। তিনি অদম্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ী বক্তব্য দেন এবং তাদের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, সমাজ থেকে পিছিয়ে পড়া শিশু-কিশোরদের মূলধারায় তুলে আনতে ‘স্বপ্ন সারথী’র এ উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের জীবনের নানা চড়াই-উতরাই ও ঘুরে দাঁড়ানোর গল্প অতিথিদের সঙ্গে শেয়ার করেন।

বিষয়:অদম্য তরুণদের সাফল্য সংবর্ধনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…