ক্রিকেট

‘আমাদের যাত্রা কেবল শুরু’

আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, একটি ম্যাচের পর আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে আফগানিস্তান। সুপার এইটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসই গড়ল রশিদ খানের দল। অজিদের বিপক্ষে তিন সংস্করণে এটিই প্রথম জয় তাদের। দুর্দান্ত জয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে আফগানিস্তান, মনে করছেন উচ্ছ্বসিত দলটির অলরাউন্ডার গুলবাদিন নাইব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন গুলবাদিন। যা টি-টুয়েন্টি বিশ্বকাপে অজিদের বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। আউট করেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও প্যাট কামিন্সকে।

ম্যাচ জয়ের নায়ক পরে বলেছেন, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াকে হারানোর অপেক্ষায় ছিলেন। ৩৩ বর্ষী গুলবাদিনে কণ্ঠে, ‘দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। এটি শুধু আমার দারুণ একটি মুহূর্ত নয়, পুরো আফগান জাতি এবং দেশের জনগণের জন্য মহান মুহূর্ত। আমাদের ক্রিকেটের একটি বড় অর্জন। বলার ভাষা নেই, তবে আমাদের ক্রিকেটের যাত্রাকে সমর্থন করার জন্য সমর্থকদের ধন্যবাদ। এটি একটি দুর্দান্ত দলীয় পারফরম্যান্স। গত দুই মাসের কঠোর পরিশ্রমের ফসল।’

‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, অবশেষে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি। আমাদের ক্রিকেটের ইতিহাস খুব বেশি সময়ের নয়। গত দশ বছরে অনেক লক্ষ্য অর্জন করেছি। এর মধ্যে এটি অন্যতম। চলতি আসরে খুব ভালো শুরু করেছি। প্রথম রাউন্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছি, এবার অস্ট্রেলিয়া। তাদের হারানো সহজ নয়। বিশ্বচ্যাম্পিয়ন দল বলে কথা। আমাদের ক্রিকেটকে এবার পরেরধাপে নিয়ে যেতে চাই। আমাদের যাত্রা কেবল শুরু হয়েছে।’

সেন্ট ভিনসেন্টে রোববার সকালে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় রশিদের দল। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখে ২১ রানে জিতেছে আফগানিস্তান।

বিষয়:‘সুপার-এইট’ অস্ট্রেলিয়া২৪ আফগানিস্তান২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ম্যাক্সওয়েল রশিদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…