দীর্ঘ ৪০ বছরের ফিল্ম ক্যারিয়ারে ‘গদর ২’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বিপুল সাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। মুক্তির মাত্র ৭ দিনে ভারতের বাজারে ছবিটি ব্যবসা করে ফেলেছে ২৮৩ কোটি রুপি! তবে তারই মাঝে বার বার বিতর্কে জড়াচ্ছেন সানি।
কয়েকদিন আগেই এক নারী সানির দিকে ছুটে আসে এবং গদর অভিনেতা তাকে দেখে হাত নেড়ে মুখে চুপ করতে বলার ভঙ্গি করেছিলেন। যা বিতর্কের জন্ম দেয়। আর এবার তো এয়ারপোর্টে সরাসরি এক ভক্তের উপর চোটপাট দেখালেন সানি! যেটি পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হতেই রীতিমত ভাইরাল সোশ্যাল হ্যান্ডেলে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, মুম্বাই বিমানবন্দর থেকে নিরাপত্তা বেষ্টনীর সহায়তায় বের হচ্ছেন সানি দেওল। ঠিক সেই সময়ই তার এক ভক্ত এসে সেলফি তোলার আবদার করে বসেন। প্রথমে বেশ চুপচাপই ছিলেন সানি। ক্যামেরার দিকেও ঠিক ঠাক তাকান তিনি। কিন্তু প্রথম ছবিটা ঠিকঠাক না উঠতেই আরও একটি সেলফি তোলার চেষ্টা করতেই তাকে সরিয়ে দিতে চায় সানির নিরাপত্তারক্ষীরা। আর ঠিক তখনই চিৎকার করে ওঠেন সানি নিজেও। হিন্দিতে বলেন, ‘লে না ফোটো’ (তুলে নে ফটো)।
সানির এই ব্যবহার দেখে কার্যত হতবাক নেটদুনিয়ার একটা অংশ। এয়ারপোর্টে সেলফির আবদার নতুন কোনো বিষয় নয়। শাহরুখ থেকে সালমান, অমিতাভ সকলকেই হাসি মুখে বহুবার তা পূরণ করতে দেখা গিয়েছে। কিন্তু সেখানে এভাবে কেন খারাপ ব্যবহার করলেন সানি!
একজন কমেন্টে লিখলেন, ‘ছবি হিট হলেই এদের আসল রং বেরিয়ে আসে। তার আগে হাত জোর করে বলবে, এসো আমার ছবি দেখো। রাজনীতিবিদদের মতোই এরা দু’মুখো সাপ।’ আরেকজন লিখলেন, ‘সানি দেওলের ধৃষ্টতা দেখে আমি ভাষা হারালাম। সব ভক্তি উঠে গেল।’
যদিও সানি দেওলের সমর্থনেও মুখ খুলেছেন কেউ কেউ। একজন কমেন্ট করেছেন, ‘হয়তো ক্লান্ত ছিল তিনি। আর বয়সও তো হয়েছে। আমাদের বাড়িতে বাবা ও চাচারাও তো বিরক্ত হয়। সব কিছুতেই কটাক্ষ করা বোকামি।’ আরেকজন লিখলেন, ‘সবসময় কার ই বা ভালো লাগে ছবি তুলতে?’
সূত্র: হিন্দুস্থান টাইমস







