বাংলাদেশ

সুলতান’স ডাইন ও নবাবী ভোজ সিলগালা

সুলতান’স ডাইন রেস্টুরেন্টের বহির্দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলতান’স ডাইন রেস্টুরেন্টের বহির্দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী ও সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন নামের দুটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান শুরু করেন রাজউকের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন। দুইতলা একটি ভবনের নিচতলায় নবাবী ভোজ রেস্তোরাঁটি অবস্থিত। ভবনটির ওপরের তলায় পোশাকের একটি ব্র্যান্ডের শোরুম আছে।

অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতানস ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।

সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তারা দাবি করেছেন, তাদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আহত হয়ে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু। এদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে এবং ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রমনা থানায় শুক্রবার (১ মার্চ) অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মিনিটের দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

বিষয়:বেইলি রোড সিলগালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…