ঢাকার বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের শপিংমলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় ভবনের ভেতর থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার ঘটনাটি জানে ফায়ার সার্ভিস। এরপর ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির নিচতলায় প্রথম আগুন লাগে। তবে কীভাবে আগুনটি লাগলো প্রাথমিকভাবে সেটি জানাতে পারেনি কর্মকর্তারা।
আগুন থেকে বাঁচতে ভবনের ছাদসহ বিভিন্ন তলায় নারীসহ বেশ কয়েকজন আশ্রয় নেন। তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয় যে, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শপিংমলটিতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুন বড় হওয়ায় পরবর্তীতে আরও আটটি ইউনিট আনা হয়।







