জনপদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

রেল অবরোধে শিক্ষার্থীরা ট্রেনের উপর অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা রেল ট্রেনের উপর অবস্থান নিয়ে অবরোধ চালাচ্ছে, পরিবেশ শান্ত ও জনসমাগম বেশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা সকাল থেকে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে এগারটা থেকে ময়মনসিংহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জব্বারের মোড় রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোন সুযোগ রাখা যাবে না (বিএডিসির কোটা বাতিল করতে হবে)। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না- এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

সকালে এ ঘটনার পরই ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। পরে মানবিক কারণে দুপুর পৌনে একটায় ট্রেনটি ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এ সময় নেত্রকোণাগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে পড়েছে। এখনও ট্রেনটি ওই স্টেশন ছেড়ে যেতে পারেনি।

কৃষিবিদ ঐক্য পরিষদ নামের একটি ব্যানারে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

এদিকে, রেলপথ অবরোধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বলাকাসহ বেশ কয়েকটি ট্রেন।

বিষয়:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেল অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…