গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। এর আগে বিকেল ৩টার দিকে আইসিইউ-তেই তিনি মৃত্যুবরণ করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র কর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছিল পুলিশ।
সেসময় গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছিলেন, এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে।
ওই হামলার পরপরই এর প্রতিবাদে মধ্যরাতে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছিল স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।








