বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল-অবরোধের সময় জনসমাগম ও যানবাহনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাট জেলায় ৪ টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজারসহ জেলার অন্তত ১০টি স্থান অবরোধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
এতে বাগেরহাটের সাথে অন্য সকল স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এছাড়াও ব্যবসায়ী ও দোকানদাররা স্বতস্ফুর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার ৪টি আসন কমিয়ে ৩টি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও ৪টি আসন বহল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।
সংসদীয় আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।






