নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। একইসাথে বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই তিন জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকাতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।








