দেশের ৯টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনার কথা বলা হয়েছে।
আজ ৩ জুলাই শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।








