বাংলাদেশ

ফিলিস্তিনের পরিস্থিতির জন্য বাংলাদেশে শনিবার রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

ফিলিস্তিনি হাসপাতালে আহত শিশুর মা ও শিশু, আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি হাসপাতালে আহত শিশুর মা ও শিশু, আহত অবস্থায়, হাসপাতালে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

একইসঙ্গে আগামী শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

বিষয়:ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…