আন্তর্জাতিক

ফ্লাইদুবাইয়ের সেই পাইলটকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ নেতানিয়াহুর

ফ্লাইদুবাইয়ের সেই পাইলটকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছারকে ইসরায়েল, ভারত ও পুরো বিশ্বের নায়ক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত ৩০ সেপ্টেম্বর মাঝ আকাশে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের জীবন রক্ষায় সাহসী ভূমিকার জন্য পাইলটকে ফোন করে প্রশংসা করেন তিনি।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ফোনালাপে স্মিত মাচ্ছারকে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান নেতানিয়াহু। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি।

নেতানিয়াহু বলেন, আমি আপনাকে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একটি মশাল প্রজ্বলনের আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি জানান, স্বাধীনতা দিবসে ইসরায়েলের দেওয়া সর্বোচ্চ সম্মানগুলোর একটি হলো এই মশাল প্রজ্বলন।

সাধারণত ইসরায়েলের নাগরিকদের এই সম্মান দেওয়া হলেও মাচ্ছারের ক্ষেত্রে ব্যতিক্রম করতে চান বলে জানান নেতানিয়াহু। তার ভাষায়, ইসরায়েলের সব নাগরিকই এই পাইলটকে স্বাগত জানাবেন।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে অস্বাভাবিক ওই ঘটনা ঘটে। ওমানের সহকারী পাইলট হামাম আল-হাম্মামি কুঠার দিয়ে পাইলট স্মিত মাচ্ছারকে আঘাত করে উড়োজাহাজটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

হামলার পর মাত্র দুই মিনিটে উড়োজাহাজটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে ছিনতাইয়ের জরুরি সংকেত পাঠানো হয়।

আক্রমণের মধ্যেও মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি উড়োজাহাজটির নিয়ন্ত্রণে সহায়তা করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাচ্ছার নেতানিয়াহুকে জানান, সহকারী পাইলট নামাজ পড়ার কথা বলে ককপিট থেকে বের হওয়ার অনুমতি নিয়েছিলেন। পরে তিনি পাইলটের পেছনে এসে মাথায় আঘাত করেন। প্রথমে মাচ্ছার ভেবেছিলেন, উড়োজাহাজে কোনো সমস্যা হয়েছে।

পরে একের পর এক আঘাত আসতে থাকলে তিনি বুঝতে পারেন, সহকারী পাইলটই তাকে হামলা করছেন। আঘাতের কারণে তার দৃষ্টিশক্তি প্রায় ঝাপসা হয়ে গিয়েছিল বলেও জানান তিনি।

মাচ্ছার বলেন, একবার তিনি ককপিটের দরজা খোলার চেষ্টা করলেও সহকারী পাইলট সেটি বন্ধ করে দেন। এরপর নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে দরজা খোলার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তা খুলতে সক্ষম হন।

পাইলটের বর্ণনা শুনে তার সাহস ও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতার প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, অসম্ভব পরিস্থিতিতে আপনার সাহস ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আমি সত্যিই বিস্মিত।

নেতানিয়াহু আরও বলেন, মাচ্ছার বহু মানুষের জীবন বাঁচিয়েছেন। তার স্ত্রী ও পরিবারের প্রতিও শুভেচ্ছা জানান তিনি এবং আহত পাইলটের দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে নেতানিয়াহু বলেছিলেন, আহত পাইলট, যাত্রী ও অন্য ক্রু সদস্যরা মিলে একটি বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সক্ষম হয়েছেন। তিনি ঘটনাটিকে ‘৯/১১-এর মতো বিপর্যয়’ ঠেকানোর সঙ্গে তুলনা করেন।

বিষয়:ইসরায়েল নেতানিয়াহু ফ্লাইদুবাইয়ের পাইলট বিশ্বের নায়ক ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…