শিল্পকলা ও মহিলা সমিতিতে শুক্রবার চার নাটক

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীতে মঞ্চস্থ হতে যাচ্ছে মোট ৪টি নাটক, এরমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৩টি এবং মহিলা সমিতিতে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা জানা গেছে।
শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে নাটক ‘পদ্মা নদীর মাঝি’। নাটকটি তেজগাঁও কলেজের ‘থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগের প্রযোজনা। নাটকটির মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সৈয়দ মুহাম্মদ জুবায়ের।
শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাট্যদল ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’র প্রযোজনায় ২টি নাটক পাখি এবং পিছু ডাক। মনোজ মিত্র রচিত ‘পাখি’ নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ এবং শরদিন্দ্যু বন্দোপাধ্যায় রচিত ‘পিছু ডাক’ নাটকটির নির্দেশনায় রয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘পোহালে শর্বরী’। নাটকটি সুরেন্দ্র বর্মার লেখা ও অংশুমান ভৌমিকের অনুবাদে নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশনায় রয়েছেন ত্রপা মজুমদার।






