ম্যাচের শেষদিনে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে একমাত্র ভরসার জায়গা ছিলেন রাচীন রবীন্দ্র। সেঞ্চুরির দিকে এগোতে থাকা অলরাউন্ডারকে ফিরিয়ে শ্রীলঙ্কার জয়ের পথ সহজ করেন দেন স্পিনার প্রবাথ জয়সুরিয়া। পরের কাজটুকু সারতেও বেশি সময় নেননি ৩২ বর্ষী বাঁহাতি। ৬৩ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ধনঞ্জয়া ডি সিলভার দল।
গল টেস্টে সোমবার নিউজিল্যান্ডের জয়ের প্রয়োজন ছিল ৬৮ রান, শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২ উইকেট। ৯১ রান অপরাজিত থাকা রাচীন আউট হতেই জয়ের পথ থেকে ছিটকে যায় টিম সাউদির দল।
প্রথম ইনিংসে ৪ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে লঙ্কানদের জয়ের নায়ক জয়সুরিয়া।
টসে জিতে ব্যাটে নেমে ওপেনার করুনারত্নে ৮৩ ও তিনে নামা দিনেশ চান্দিমালের ৬১ রানে ভর করে প্রথম ইনিংসে ৩০৯ তোলে শ্রীলঙ্কা। জবাবে নিউজিল্যান্ডও দারুণ করে। টম ল্যাথামের ৭০ ও কেন উইলিয়ামসনের ৫৯ রানের ইনিংসে ৩১ রানের লিড পায়।
দ্বিতীয় ইনিংসে লঙ্কান দল ৩০৯ রান করলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫। শেষদিনে ৩.৪ ওভারে শেষ ২ উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
একই মাঠে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড।








