সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’-এর সিক্যুয়েল।
প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়। প্রথম দু’টি ছবির সাফল্যের পথ ধরে এবার এলো তৃতীয় ছবি। এবারের ছবিটিও পরিচালনা করেছেন আগের দু’টি ছবির পরিচালক জেফ ফাউলার।
সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও’শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।
পূর্ববর্তী দুই ছবির সাফল্যের পথ ধরে এই ছবিটিও আশা জাগিয়েছে দর্শকদের মাঝে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। ছবির বাজেট ১২২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা!
তৃতীয় সিনেমা নিয়ে ভক্তরা আশা করছেন আরও বড় আকারের অ্যাডভেঞ্চার এবং নতুন চরিত্রের সংযোজন। দ্বিতীয় সিনেমার পর ক্রেডিট সিনে শ্যাডো দ্য হেজহগকে দেখানো হয়। এটি তৃতীয় সিনেমায় শ্যাডোর ভূমিকা নিয়ে প্রচুর কৌতূহল সৃষ্টি করেছে। ভক্তরা ধারণা করছেন, শ্যাডো হতে পারে সোনিকের সবচেয়ে বড় প্রতিপক্ষ। সোনিক সিরিজ বরাবরই দর্শনীয় ভিজ্যুয়ালের জন্য প্রশংসিত হয়েছে। এ ছবিতেও উন্নত প্রযুক্তি এবং চমকপ্রদ দৃশ্যের আশা করা হচ্ছে।








