বিনোদন

রাজশাহীতে কবীর-লালন উৎসবে মানবতার গান

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসবে হাজারো দর্শক-শ্রোতা

রাজশাহীতে কবীর-লালন উৎসবে মানবতার গান

১১ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে আয়োজিত হচ্ছে লালন বিশ্বসংঘের কবীর-লালন ভাবসংগীত উৎসব। ক্রমান্বয়ে বিভিন্ন অঞ্চলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসবটি সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগে অনুষ্ঠিত হয়েছে উৎসবের পঞ্চম আয়োজন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পদ্মা নদীর তীরবর্তী রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চে হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উৎসবের উদ্বোধন করেন সুফি গবেষক ও উচ্চাঙ্গ বংশীবাদক ড. শাহ্ সৈয়দ হাসিব উল হাসান রাজা। বাঁশি বাজিয়ে উৎসবের উদ্বোধন শেষে তিনি বলেন, কবীর-লালনের ভাবসংগীত এখনও উপমহাদেশের সাধারণ মানুষকে গভীরভাবে আকৃষ্ট করে। এর মূল ভিত্তি বিশ্বজনীন অহিংস মানবতাবাদ ও মুক্তমানবধর্ম।

তিনি বলেন, যুদ্ধ, হিংসা ও নৃশংসতার মাধ্যমে সাময়িকভাবে রাজ্যজয় করা গেলেও স্থায়ীভাবে মানুষের মন জয় করা যায় না। হিংসাত্মক উগ্রবাদের দোসররা মানবজাতিকে ধ্বংস করার সুযোগের অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সুরের মহাশক্তির মাধ্যমে বিশ্বকে অসুরমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কবীর ও লালন দুজনেই আজীবন প্রেমের নিষ্ঠায় বিশ্ববাসীর আত্মিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন।

উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, রাজশাহীর সঙ্গে ফকির লালনের সুসম্পর্ক বহু শতকের। রাজশাহীর খেতুরির বৈষ্ণব সাধুসঙ্গে এসে লালন আরেক নিগূঢ় রহস্যের জন্ম দিয়েছিলেন। লালনস্মৃতিকে জাগরুক রাখতে রাজশাহী সিটি কর্পোরেশন পদ্মার পারে লালন শাহ মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।

উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মূল আয়োজন ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় সেতুবন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য। এতে কবীর ও লালনের ২০টি কালাম পরিবেশন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।

এ উৎসবের ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। রংপুর বিভাগীয় এ উৎসবের উদ্বোধন করবেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনিসুর রহমান। প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এমপি। বিশেষ অতিথি থাকবেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আলোচনায় অংশ নেবেন মাওলানা আবদুল জলিল। সভাপতিত্ব করবেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননান। সংগীত পরিবেশন করবেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।

ফকির লালন শাহের ১৩৬তম তিরোভাববার্ষিকী ও দুর্গাপূজা উপলক্ষে বিরতির পর আগামী ২৭ অক্টোবর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এবং ৩০ অক্টোবর, সিলেটের শ্রীমঙ্গল জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উৎসবের পরবর্তী আয়োজন। দুটি আয়োজনই সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিষয়:উৎসব কবীর ভাবসংগীত উৎসব লালন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…