সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ আহত কমপক্ষে ২৩ জন।
বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গোলাগুলির শব্দও শোনা যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জঙ্গী সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। ওই জঙ্গী গোষ্ঠীর সামরিক অভিযানের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব এ তথ্য জানায়। স্কুলের পাশ দিয়ে গাড়িটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে ওই স্কুলের দুটি দেয়াল ভেঙ্গে যায় এবং আশেপাশে থাকা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, মোগাদিসুতে জাতিসংঘের একটি গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে এদের মধ্যে জাতিসংঘের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোন কিছুই এখনো জানা যায়নি।
জানা যায়, সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব দেশটির সরকারের পতনের জন্য প্রায় এক দশক ধরে সংগ্রাম করে আসছে।







