নতুন গান নিয়ে ফিরছেন ‘কন্যা মন দিলানা’ খ্যাত সোহাগ

ও কন্যা, কন্যা মন দিলানা, লাল শাড়ি পরিয়া, সোহাগী কন্যা খ্যাত শিল্পী সোহাগ নতুন গান নিয়ে আসছেন। তার নতুন এই গানের নাম ‘আলতা রাঙা পায়ে কন্যা’। সোহাগ জানান, তার সুর-সংগীতে ১৯ নভেম্বর সন্ধ্যায় মিউজিক ভিডিও আকারে এসবি মিউজিক টেন ইউটিউবে গানটি প্রকাশ হতে যাচ্ছে।
এর আগে কন্যা’ শব্দ রেখে যতগুলো গান করেছেন সোহাগ – তার মতে, প্রতিটি গানই হিট হয়েছে। সোহাগ বলেন, কন্যা শব্দটা আমার গানের হিট ওয়ার্ড। কন্যা আসলে বিশেষ কেউ না। আগের থিম মাথায় রেখেই নতুন নতুন গান তৈরি করা হচ্ছে। আমার বিশ্বাস, ‘আলতা রাঙা পায়ে কন্যা’ গানটিও দর্শক পছন্দ করবেন।
ক্যারিয়ারের দুই যুগ পার করেছেন সংগীতশিল্পী সোহাগ। একক, মিক্সডসহ এই গায়কের অ্যালবামের সংখ্যা ৫০-এর অধিক, গানের সংখ্যা হাজারো। অডিও অ্যালবামের যুগে সারা দেশে সোহাগের গান ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। তবে জনপ্রিয়তার পাশাপাশি তার গাওয়া হিট গানগুলোর মালিকানা নিয়ে লড়তে হচ্ছে তাকে। বর্তমানে এই শিল্পীর ব্যস্ততা নিয়মিত কনসার্ট ঘিরে।
সোহাগ বলেন, দর্শক-শ্রোতাদের একের পর এক নতুন গান উপহার দিতে চাই। নিজেকে গান নিয়ে ব্যস্ত রাখি সব সময়। অডিও-ভিডিও গানের শুকানো মাঠে আমি নিজেকে অন্যরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। দর্শকরা সুস্থ ধারার গান শুনুক। এই গানগুলোই হোক দর্শকদের বিনোদনের হাতিয়ার। আশা করি আমার নতুন চ্যানেলে এই গান যাত্রায় দর্শকরা পাশে থাকবেন এবং তাদের মতামত জানাবেন।






