বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের ম্যাচে ফর্টিস এফসির কাছে হোঁচট খেয়েছিল আবাহনী লিমিটেড। এবার শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফুটবলের ১২তম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।
ম্যাচে অষ্টম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। বক্সের বাঁ-প্রান্ত থেকে আবু তোরের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ালে ১-০তে এগিয়ে যায় শেখ জামাল। তবে ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও তারা সেটি কাজে লাগাতে পারেনি।
এরপরেই খেলা চলে যায় আবাহনীর নিয়ন্ত্রণে। ২৮ মিনিটে আকাশী-নীলদের সমতায় ফেরান জনাথন ফের্নান্দেস। বক্সের ভেতর থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট শেখ জামাল রুখে দিলে, ফিরতি শটে কোনো ভুল করেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ফের্নান্দেসের পাস থেকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট।
দ্বিতীয়ার্ধে দুদলের কেউই আক্রমণের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় আবাহনী। এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল ক্রুসিয়ানির দল। এক ম্যাচ কম খেলা মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর ২৮ পয়েন্টে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে শেখ জামাল।








