পাকিস্তানে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে টিম টাইগার্স। ঐতিহাসিক অর্জন দেশের মানুষের জন্য আনন্দ বয়ে আনবে, বলছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয়টিতে স্বাগতিকদের হারায় ৬ উইকেটে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজসেরা মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে এমন বলেছেন।
‘আমার মনে হয়, এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে। কারণ যেভাবে গত কিছুদিন ধরে বন্যা বলেন, আন্দোলনটা বলেন, অনেক মানুষের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। যেভাবে আমরা ম্যাচটা খেললাম, আমার মনে হয় যে, একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে।’
‘আমরা সবাই জানি, ক্রিকেটের জন্য কতটা পাগল আমাদের দেশের সাধারণ মানুষ। আমরা ম্যাচ হারলেও সবাই যেভাবে আমাদের সমর্থন করে। তাই আমাদের ওটাই চেষ্টা ছিল, কীভাবে দেশের মানুষকে আমরা কিছু দিতে পারি। আমার মনে হয়, আমরা ভালো কিছু করতে পেরেছি।’








