দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ির শয়নকক্ষ থেকে হাত-পা বাধা অবস্থায় সাকিব হাসান (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ১৯ মে সকালে উপজেলার ১ নং নাফানগর ইউপি’র টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ির শয়নকক্ষ থেকে সাকিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়।
সাকিব বোচাগঞ্জের নাফানগর উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনা নিশ্চিত করে জানান, ‘সকালে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ফোলা এবং দুর্গন্ধময় ছিল। এসময় বাড়িতে একজন বাক প্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিলনা। গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা পালিয়েছে। গৃহকর্তা লাইসুরের ছেলের সাথে সাকিবের বন্ধুত্ব ছিল। হত্যার কোন কারণ এখনো জানা যায়নি। ওই বাড়ির কাউকে আটক করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ খুঁজে পাওয়া যাবে। এজন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।’
সাকিবের পিতা মমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকালে কৃষি কাজ শেষে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফিরেনি সাকিব। বন্ধুদের সাথে রয়েছে মনে করে নিখোঁজের বিষয়ে থানায় কোন অভিযোগ জানানো হয়নি। আজ রোববার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তারা।
এবিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।










