চোখের চিকিৎসা করাতে ১৪ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর সবকিছু ইতিবাচক থাকায় রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ থেকেই তার খেলার নিশ্চয়তা মিলেছে আগেই। দেশে ফিরে রংপুরের অনুশীলনেও যোগ দিয়েছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।
বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন সাকিব। শুক্রবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে অনুশীলনে যোগ দেন। প্রথমে কোচের সাথে তাকে পরামর্শ করতে দেখা গেছে। পরে বোলিং অনুশীলন করেছেন।
চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচের আগে ছিটকে গিয়েছিলেন সাকিব। পরে প্রায় দুমাস ছিলেন মাঠের বাইরে। নতুন করে খেলায় ফিরতে কতটা ব্যাকুল, সেটি তার সাম্প্রতিক অনুশীলনেই টের পাওয়া যাচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরে পৌঁছে অনুশীলন করেন সাকিব। বিপিএল শুরুর কদিন আগে চোখের রেটিনার সমস্যা দেখা দেয়। শঙ্কা ছিল বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে। শেষ পরিস্থিতি, প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।
শনিবার তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে বিপিএল অভিযান শুরু করবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে লড়াই।








