এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওয়ানডের ও টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর ওয়ানডেতে টাইগারদের নেতার চেয়ারটি ফাঁকা হয়ে পড়েছিল। পরে অনেকটা সময় নিয়ে ভেবে সাকিবকে বসাল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের অবশ্য একসময় সন্দেহ ছিল সাকিব সিরিয়াস নন।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের সামনে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানান বিসিবি সভাপতি। সেসময় বিশ্বকাপে সাকিব কেমন করবেন এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘ওর ভেতরের সম্ভাবনা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। একটা বিষয় আমার খুব ভালো লাগছে, সম্প্রতি, গত একবছর ধরে আমি লক্ষ্য করছি, সাকিবের ব্যাপারে একটা সন্দেহ আমার মাঝে ছিল, ও কতটুকু সিরিয়াস, কোন খেলাটা খেলবে, কোনটা খেলবে না। এখন দেখছি ওর থেকে সিরিয়াস আর কেউ নেই।’
‘আমাদের যে পরিমাণ খেলা, সেটা তো ও খেলছে। তারপরও প্রতিনিয়ত খেলেই যাচ্ছে। কদিন আগে কানাডা গেল, এরপর শ্রীলঙ্কা। এখন আবার বিশ্বকাপের দায়িত্ব পেল। আমার কাছে এখন মনে হচ্ছে ও পুরোপুরি ফোকাসড, এটা আমাদের জন্য ভালো, প্লাস পয়েন্ট। ওর যোগ্যতা ও সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ নেই।’
তামিম নেতৃত্ব ছাড়ার পর অধিনায়কের পদ শূন্য ছিল। শুক্রবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান আসন্ন এশিয়া কাপ, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও ভারতে ওয়ানডে বিশ্বকাপের জন্য ৩৬ বর্ষী সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছেন।







