আইপিএলের মঞ্চে প্রথমবার নামার অপেক্ষায় লিটন দাস। কলকাতার হয়ে অনুশীলন শুরু করেছেন আজই। তার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বার্তা পেলেন বাংলাদেশ দলের ক্ল্যাসিক ওপেনার। আর সেটি হলো উপভোগের মন্ত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করা।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহুবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছেন সাকিব। এবারও তার খেলার কথা থাকলেও পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।
ফতুল্লায় ব্রাদার্সের বিপক্ষে ১০ রানের কষ্টার্জিত জয়ের পর সন্ধ্যায় বনানীতে একটি কফি হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখানে উঠে আসে লিটনের আইপিএল খেলার প্রসঙ্গ। গণমাধ্যমকে সাকিব বলেন, ‘লিটন যদি সহজাত খেলাটা খেলতে পারেন তাহলেই সফল হবেন, ‘লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে।’
সাকিবের মতে অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে আইপিএলের এই অভিজ্ঞতা কাজে লাগবে লিটনের, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।’








