জনগণের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন জোরদারের পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে ১৬ বছরের একদলীয় শাসনের অবসান হয়েছে।
এতে করে সোমবার দুপুরের পর থেকে সারাদেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন রেখেছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান।
তার ফ্যান পেজ ঘাঁটলে দেখা যায়, শিক্ষার্থী সঙ্গে পুলিশের রক্তারক্তিতে তিনি শুরুতে প্রতিবাদ জানান এবং তিনদিন আগে শহীদ মিনারে গণজমায়েতে শাকিব লাখো সাধারণ মানুষের পক্ষে থেকে পোস্ট দিয়েছিলেন।
এদিকে, শেখ হাসিনার পতনের পর থেকে সারাদেশে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এসব থেকে বিরত থাকার আহবান জানান বাংলা সিনেমার রাজকুমার খ্যাত নায়ক শাকিব খান।
মঙ্গলবার সকালে শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়।
“এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে – সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।”
সবশেষে শাকিব লিখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।










