এবারের বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স, ছয় ম্যাচে জয় কেবল একটি। টানা পাঁচ হারের মধ্যে শেষটি আবার নেদারল্যান্ডসের সঙ্গে। যে হারের পর আসরের গ্রুপপর্ব থেকে সাকিব আল হাসানের দলের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। আরও তিন ম্যাচ খেলা বাকি থাকলেও এটিই বাংলাদেশের স্মরণকালের ‘বাজে বিশ্বকাপ’, মানছেন অধিনায়ক সাকিব।
১৯৯৯ বিশ্বকাপ থেকে নিয়মিত খেলছে বাংলাদেশ। প্রথম আসরে দুই জয় ছিল টিম টাইগার্সের। ২০০৩ বিশ্বকাপে জয়হীন থাকা বাংলাদেশ পরের চার আসরে তিনটি করে ম্যাচ জিতেছিল। এসব পারফরম্যান্স সাকিবের কাছে গড়পড়তাই মনে হয়েছিল বিশ্বকাপের আগে। এশিয়া কাপ চলাকালীন এমনটা বলেছিলেন ৩৬ বর্ষী তারকা।
এবার আগের সব অর্জন ধূলোয় মেশানোর অভিযানে যেন আছে দল। নয় ম্যাচের ষষ্ঠটির পরই তাই স্বীকার করে নিতে হল অপ্রিয় সত্য কথাটি, এটি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘হ্যাঁ, সেটি আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি তাতে অস্বীকৃতি জানাবো না।’
সেমির স্বপ্ন বিসর্জন দিলেও অন্য ম্যাচগুলো জিতে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব। বলেছেন, ‘এখনো আরও ভালোভাবে অন্তত শেষ করতে পারি। র্যাঙ্কিংয়ে আটে থাকতে হবে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। এখনো আমাদের তিনটা ম্যাচ আছে। এখন আমাদের যে ১৫ জন আছে, তাদের নিয়েই চেষ্টা করতে হবে।’
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থেমেছিল ডাচবাহিনী। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেলে ৮৭ রানের বড় হার।







