ক্রিকেট

দর্শকদের ‘ভুয়া-ভুয়া দুয়োধ্বনি’ আমাদের প্রাপ্য

বলছেন সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত মাঠে নির্দেশ দিচ্ছেন, খেলোয়াড়দের জন্য পরিকল্পনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ওয়ানডেতে বেশ ধারাবাহিক পারফরম্যান্সেই ছিল বাংলাদেশ। তামিম ইকবাল ইস্যুর পর নেতৃত্বের হাল ধরেন সাকিব আল হাসান। পরে এশিয়া কাপে ভরাডুবির সঙ্গে বিশ্বকাপেও ডুবছে টিম টাইগার্স। বৈশ্বিক আসরটিতে ছয় ম্যাচে এক জয়ের মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গেও হার নিয়ে মাঠ ছেড়েছে সাকিবের দল। হারের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সের খেলা দেখতে আসা বাংলাদেশি সমর্থকদের ‘ভুয়া-ভুয়া দুয়োধ্বনি’ শুনতে হয়েছে টাইগার দলকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে দলকে ভারতে রেখে হুট করে মিরপুরে এসেছিলেন সাকিব। ব্যাটিং ঝালিয়ে নিতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে বিশেষ অনুশীলনও করেন বিশ্বসেরা অলরাউন্ডার। মিরপুরে অনুশীলন শেষে বের হওয়ার সময় সমর্থকদের ‘ভুয়া ভুয়া’ দুয়ো শুনতে হয় সাকিবকে।

সেই অনুশীলন অবশ্য কাজে আসেনি ডাচদের বিপক্ষেও। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে ৫ রান করে আউট হন সাকিব। দল হারে ৮৭ রানে। মিরপুরের মতো এই ম্যাচের পর ভারতের মাটিতেও শুনতে হয়েছে দুয়ো।

সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি এলে সমর্থকদের নিয়ে সাকিব বলেছেন, ‘এমন হার হতাশাজনক। কিন্তু আমাদের কাছ থেকে তারা আসলে ভালো কিছুই প্রত্যাশা করে। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা এমন কিছুই ডিজার্ভ করি।’

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থেমেছিল ডাচবাহিনী। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেলে ৮৭ রানের বড় হার।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ দুয়োধ্বনি নেদারল্যান্ডস বাংলাদেশ ভারত সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…