আবুধাবি টি-টেন লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজমান বোল্টসের কাছে হেরেছিল বাংলা টাইগার্স। বৃহস্পতিবার ষষ্ঠ ম্যাচেও হার দেখেছে সাকিব আল হাসানের দল। ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরেছে ৯ উইকেটে।
আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলা টাইগার্সকে আগে ব্যাটে পাঠায় ডেকান। নির্ধারিত ১০ ওভার শেষে ৬ উইকেটে ৭২ রানে থামে বাংলাদেশি মালিকানাধীন দলটি। জবাবে ২৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডেকান। ৬ ম্যাচে চার হারে সাকিবরা নেমেছে টেবিলের আটে। সমান ম্যাচে পাঁচ জয়ে শীর্ষে ডেকান।
বাংলা টাইগার্স ব্যাটার কেউ আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ ১৯ করেছেন ইফতেখার আহমেদ। ১৫ বলের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কার মার। ২২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন সাকিব। রশিদ খান করেন ৮ বলে ১২ রান।
ডেকানের হয়ে রিচার্ড গ্লেসন তিনটি উইকেট নেন। মাহেশ থিকসানা নেন দুটি উইকেট।
জবাবে ১ উইকেট হারালেও নিকোলাস পুরান ও জশ বাটলারের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ৫.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় ডেকান। পুরান ১৩ বলে ৩৬ ও বাটলার ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
বাংলা টাইগার্সের হয়ে ইমরান খান এক উইকেট নেন।








