দুই বাংলার সিনেপ্রেমী মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে ‘প্রিয়তমা’য় শাকিব খানের বৃদ্ধ বয়সী লুকটি! সব মহলে প্রশংসিত শাকিবের এই লুক নিয়ে এবার মুগ্ধতা প্রকাশ করলেন শোবিজ অঙ্গনের দুই কিংবদন্তী ও তারকা দম্পতি আলমগীর এবং রুনা লায়লা।
গত দুদিন ধরে চলচ্চিত্র ও নাটকের অধিকাংশ তারকাই শাকিবের লুকের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নায়ক, প্রযোজক ও নির্মাতা আলমগীরকেও ছুঁয়ে গেছে শাকিবের এই লুক। তিনিও নিজের ফেসবুকে পোস্ট করেন প্রিয়তমায় শাকিবের লুকটি। ক্যাপশনে লেখেন, ‘ওয়েলডান শাকিব, তোমার জন্য অনেক শুভকামনা ও দোয়া।’
আলমগীরের সেই পোস্টে মন্তব্য করেছেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি মন্তব্যে লেখেন, ‘ব্রাভো, ওয়েলডান। আমার পছন্দের অভিনেতাদের একজন সে। তার জন্য অনেক শুভকামনা।’
আলমগীরের সেই পোস্টে কালজয়ী ছবি ‘গুড্ডি’র নির্মাতা সালাউদ্দিক জাকি লিখেছেন, ‘শাকিব অভিনয়ে এবার আরও মনোযোগ দাও, দোয়া রইলো।’
টানা একমাস শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। বুধবার ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা ‘প্রিয়তমা’। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
শাকিব ছাড়াও ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।







