শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাট্য সংগঠন থিয়েটার সাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপি ‘রজতজয়ন্তী উৎসব’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে এ উৎসবের উদ্বোধন করা হয়।
এর আগে রজতজয়ন্তী উৎসবের নির্ধারিত টি-শার্ট উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। পরবর্তীতে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা পালন করা হয়।
উদ্বোধনকালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, থিয়েটার সাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ।
আয়োজকরা জানান, চারদিনে তিনটি মঞ্চনাটক ও সংগঠনের প্রাক্তন-বর্তমান সদস্যদের পুনর্মিলনীর মাধ্যমে উৎসবটি উদযাপিত হবে। এর মধ্যে উৎসবের প্রথমদিন আজ বৃহস্পতিবার থিয়েটার সাস্টের মৌলিক নাটক ‘অভিনেতা’ মঞ্চায়ন করবেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা। শুক্রবার সংগঠনটির সাবেক বর্তমান সদস্যদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী শনিবার নাট্যদল ‘আরণ্যকের’ প্রযোজনায় মঞ্চায়িত হবে সাড়াজাগানো নাটক ‘কহে ফেসবুক’ ও শেষদিন রোববার ‘মণিপুরী থিয়েটার’ ও ‘হৃৎমঞ্চের’ যৌথ প্রযোজনায় ‘হ্যাপি ডেইজ’ নাটকটি মঞ্চায়নের কথা রয়েছে। সবগুলো নাটক নির্দিষ্ট দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা ৬টা থেকে মঞ্চায়ন শুরু হবে। উৎসবে টিকেট কেটে যেকোন নাটকপ্রিয় দর্শকের মঞ্চনাটক উপভোগ করার সুযোগ রয়েছে।







