গাজীপুরে সাত মাসের শিশু রিয়াদ হোসেন রোহানকে অপহরণের দশ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপি উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার দুপুর ২টায় সদর থানার বাঙ্গালগাছ এলাকা থেকে হাবিবা আক্তার নামের এক নারী ৯৯৯ কলের মাধ্যমে পুলিশকে তার ৭ মাসে ছেলে রিয়াদ হোসেনকে অপহরণের কথা জানায়।এরপর শিশুটি উদ্ধারে অভিযানে নামে জিএমপি পুলিশ।
রিয়াদ হোসেনের মা হাবিবা আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার স্বামীর আপন চাচাতো ভাই এর স্ত্রী জাকিরা সুলতানা জান্নাত মাঝে মধ্যেই তার শিশুকে কোলে নিত। এর সূত্র ধরে পুলিশ সুলতানা জান্নাতকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি প্রথমে অস্বীকার করে। পুলিশের বারবার জেরার মুখে সে রিয়াদকে অপহরণের কথা স্বীকার করে। এরপর শিশুটিকে তার বোন রাকিবা আক্তার আখির সাথে বগুড়ায় পাঠানোর কথা জানায় সে ।
এ তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানায় অভিযান চালিয়ে অপহরণের দশ ঘণ্টার মধ্যে শিশু রিয়াদ হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার ও দুজনকে আটক করে পুলিশ।








