সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) করা হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। ক্যাবিনেট থেকে সেটার সময় একদিন বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি।
তিনি বলেন, কিছু টেস্ট আজকে রাতেও হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবার বসবো। এরপরই বিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে। উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে। অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশ, আইসিটির লোকজন কাজ করছে। এই ৫টি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে পৌঁছার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, সব আলামত সংগ্রহ করা হয়েছে। যেসব আলামত দেশে সম্ভব নয় সেগুলো বিদেশে পরীক্ষার জন্য পাঠানো হবে। সচিবালয়ের সাত নম্বর ভবনটি এখনও তদন্ত সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণেই আছে। এই ভবন আবার মেরামত করে ব্যবহার উপযোগী আছে কিনা তা পরীক্ষা করছেন প্রকৌশলীরা।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ৫টি মন্ত্রণালয়ের অন্তত ২০০ কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।







