নির্মাণাধীন ভবনের পিলার টিনশেড স্কুলের টিনশেড একটি কক্ষে পড়ে মো. সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুল শিক্ষক।
আজ (২৭ মে) সোমবার সকাল পৌনে ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে উপস্থিত ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।
পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই একটি ৭ তলা ভবনের নির্মাণের কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধ্বসে স্কুলের টিন ছেদ করে সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
‘স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।’
কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন জানান, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন ৭ তলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণ কাজ চলাকালীন সময় কোন নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। ঘটনার সাথে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।







