স্থায়ী যুদ্ধ বিরতির জন্য ইয়েমেনে সৌদি প্রতিনিধিদল

ইয়েমেনে শান্তি আলোচনা জন্য সৌদি প্রতিনিধিদল বিমান থেকে নামছে, বিমানটি রানওয়ে পাশে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নয় বছরের সংঘাতের পর ইয়েমেনের হাউথি কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব। স্থায়ী যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনা করতে সৌদি ও ওমানের প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে। চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান দুদেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হওয়ার পর সৌদিআরব ও যুদ্ধরত হাউথিদের সাথে এই শান্তি আলোচনাকে গুরুত্বের চোখে দেখছে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা।
২০১৫ সালে দক্ষিণ ইয়েমেনের সানার নিয়ন্ত্রণ নেয় হাউথি বিদ্রোহীরা বর্তমানে তারাই শহরটি নিয়ন্ত্রণ করছে। হাউথিদের হাতে সানার পতনের পরই সৌদি-নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন চালায়। তারপর থেকেই যুদ্ধ চলতে থাকে। সৌদি জোটের আক্রমণে নিহত হয় লাখ লাখ ইয়েমেনি। অনাহারে মারা গেছে বহু শিশু। যুদ্ধবিধ্বস্ত দারিদ্রপীড়িত দেশটির ৮০ শতাংশ মানুষ বর্তমানে জীবনধারণের জন্য সহায়তার ওপর নির্ভর করে।
শান্তি আলোচনার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হাউথিদের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি এবং ওমানি প্রতিনিধিরা সানায় পৌঁছেছেন।
এরমধ্যে একটি ছবিও প্রকাশ হয়েছে। ছবিতে হাউথি নেতা মোহাম্মদ আলী আল-হাউথিকে একজন সৌদি কর্মকর্তার সাথে করমর্দন করতে দেখা যায়। তবে ছবির ওই সৌদি কর্মকর্তার চেহারা অস্পষ্ট রাখা হয়েছে।
এই প্রচেষ্টাকে যুদ্ধ-বিরতি অর্জন ও শান্তি প্রতিষ্ঠায় উভয়পক্ষের আগ্রহের নিদর্শন হিসেবেই দেখা হচ্ছে।






