সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে আগত ওমরাহ হজযাত্রীদের আরও সুবিধার দিতে আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সৌদি আরব।
আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিগ আল-রাবিয়ার নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল আগামী ২৪-২৫ আগস্ট ঢাকা সফর করবে এবং বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।
এশিয়া প্যাসিফিক মার্কেটের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ বলেন, বাংলাদেশ থেকে ওমরাহযাত্রী ও পর্যটকদের সুবিধার্থে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশোর আয়োজন করা হয়েছে। এই রোডশোর মূল উদ্দেশ্য হলো, এই দেশে নুসুক প্ল্যাটফর্ম চালু করা কারণ সৌদি আরবের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।
তিনি বলেন, প্ল্যাটফর্মটি একটি ডিজিটাল পাসপোর্ট হিসেবে কাজ করবে যা তীর্থযাত্রীদের জন্য যাত্রা সহজ করে তুলবে।
চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফর্ম চালু করেছিল। এই প্ল্যাটফর্মটি মুসল্লিদের মক্কা ও মদিনা এবং এর বাইরে পবিত্র শহরগুলোতে ভ্রমণের পরিকল্পনাসহ নানা সেবা গ্রহণের সুযোগ দিয়ে থাকে।
দক্ষিণ এশিয়ার দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ওমরাহ ও হজ করতে সৌদি আরব যান।








